সেন্ট মার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকতে থেকে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে এসব বাচ্চা। ‘আমার সেন্ট মার্টিন’ নামে একটি সংগঠনের উদ্যোগে এসব বাচ্চা অবমুক্ত করা হয়।
সংগঠনটির সমন্বয়ক আলী হায়দার বলেন, চলতি বছর সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় আট শতাধিক কচ্ছপের ডিম সংগ্রহ করেন ‘আমার সেন্টমার্টিন’ সংগঠনের সদস্যরা। এসব ডিম তারা পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করে। সেন্ট মার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে। গত কয়েক বছর ধরে সেন্ট মার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে এ সংগঠনটি। চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় আট শতাধিক ডিম সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহ আগে আরো ১৭০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়। দুই মাস আগে সংগ্রহ করা আরো ১৮৩টি ডিম থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সেন্ট মার্টিন সাগরে অবমুক্ত করা হয়েছে।
অবমুক্তের সময় উপস্থিত ছিলেন আমার সেন্টমার্টিনের সমন্বয়ক আয়াত উল্লাহ খোমেনি ও পরিবেশ অধিদফতরের কর্মী আবদুল আজিজ।
আমার সেন্টমার্টিন সংগঠনের সমন্বয়ক আলী হায়দার বলেন, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে কচ্ছপসহ সকল সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী রাখতে হলে প্রাণীকুলের উপস্থিতি জরুরি। তারই অংশ কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।










