পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজের নতুন নামকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিবর্তিত নাম তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ।

গতকাল সোমবার বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত এক পত্রে শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন নামকরণের অনুমোদন দেওয়া হয়। 

পত্রে উল্লেখ করা হয়, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সুপারিশের আলোকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন তুষখালী কলেজের নাম পরিবর্তন করে তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ নামকরণে নির্দেশক্রমে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।

মো. মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মহিউদ্দিন মহারাজের বাবা শাহাদাৎ হোসাইন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান।