পুরান ঢাকার যানজট কমাতে রাস্তা প্রশস্তকরণ এবং পার্কিং স্থানের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের সময় কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, প্রকল্পের জন্য নির্ধারিত বাজেটের মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। বাজেট বাড়ানোর কোনো সুযোগ নেই। বাজেট বাড়ানোর প্রবণতা বাদ দিয়ে নির্দিষ্ট বাজেটের মধ্যেই কাজ শেষ করতে হবে।

রাজধানীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন যানবাহনের সংখ্যা বাড়লেও রাস্তা বাড়ছে না। ঢাকায় কর্মসংস্থানের জন্য ঢাকামুখী মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, ফলে যানজটও বাড়ছে। তিনি পরামর্শ দেন, যারা আন্দোলন করছেন, তারা সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে ব্যবহার করলে সড়কগুলো অবরুদ্ধ হবে না। একই সঙ্গে যানজটও কমবে।

সাম্প্রতিক যানজট নিরসনের উদ্যোগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব দেয়ার বিষয়ে উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন।