বগুড়ার কাহালু স্টেশনে প্রবেশের সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী
উত্তরবঙ্গ-১৯ মেইল আপ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৯ মে) দুপুর পৌনে তিনটায় কাহালু
স্টেশনে লাইনচ্যুত হওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু হয়।
জানা যায়, দুপুর দেড়টার সময় উত্তরবঙ্গ-১৯ মেইল আপ ট্রেনটি লালমনিরহাটের
দিকে ছেড়ে যায়। পথে বগুড়ার কাহালু স্টেশনে প্রবেশের মুখে লাইন পয়েন্টের সামনে হঠাৎ
করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। বিকট শব্দ ও ঝাঁকুনি হয় ট্রেনে। এ সময় যাত্রীরা আতঙ্কিত
হয়ে পড়েন। ট্রেন থামার পরপরই দ্রুত নামতে গিয়ে তিন থেকে চারজন যাত্রী আহত হন। তারা
প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ায় বগুড়া হয়ে ঢাকা ও লালমনিরহাটগামী
ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। পরে একই দিন বিকাল সোয়া ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক
হয়। লাইনচ্যুত ট্রেনে যাত্রী ছিলেন। যারা দুই ঘণ্টারও বেশি সময় ট্রেনে বসে থাকায় দুর্ভোগে
পড়েন।
বগুড়া স্টেশন মাস্টার মো. সাজু জানান, কাহালু স্টেশনে প্রবেশের সময়
সান্তাহার থেকে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ-১৯ মেইল আপ ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে উদ্ধার
করার পর বিকাল সোয়া ৫টায় ট্রেন চলাচল শুরু হয়। বগুড়া স্টেশনে দোলনচাঁপা আটকে ছিল। সেটিও
স্টেশন ছেড়ে যায়।










