দিনাজপুরের পার্বতীপুরে বালিবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খেতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল ১৩ ঘণ্টা বন্ধ ছিল। গতকাল ভোরে পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান।
তিনি জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটির গতকাল সপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে ছেড়ে যায়। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালিবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে চালক দেখতে না পারায় ট্রেনটি বালির ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের পেছনে থাকা পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ক্ষেতে উল্টে পড়ে।










