কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি ও উজানের ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালং সড়ক তলিয়ে গেছে। সাজেক ভ্যালির সঙ্গে গতকাল সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে অবস্থান করা তিন শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানিয়েছেন রিসোর্ট-কটেজ মালিকরা।

সাজেকে ভ্যালির হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্র চাকমা জানান, গত শুক্রবার যারা সাজেকে বেড়াতে এসেছেন; তারাই আটকা পড়েছে। রাতে টানা বৃষ্টি হওয়ায় গতকাল সকালে বাঘাইহাট ও মাচালং সড়ক তলিয়ে যায়। এজন্য পর্যটকরা আটকা পড়ে।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শুক্রবার রাতে টানা বৃষ্টি হওয়ায় সাজেকের বাঘাইহাট ও মাচালং সড়ক এবং দীঘিনালার কবাখালী সড়ক তলিয়ে গেছে। খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে কোনো গাড়ি আসতে পারেনি এবং সাজেক থেকেও কোনো গাড়ি যেতে পারেনি। শুক্রবার যেসব পর্যটক সাজেকে বেড়াতে এসেছেন তারা আটকে পড়েছে। সড়ক থেকে পানি না কমলে তারা ফিরতে পারবে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, টানা বৃষ্টিতে সাজেক যাওয়ার পথের কয়েকটি সড়কে পানি থাকায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তারা সবাই সুস্থ আছেন। সড়ক থেকে পানি সরে গেলে তারা ফিরতে পারবেন।