নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে এখন পর্যন্ত সহস্রাধিক পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তুজা। এছাড়াও এই দুর্যোগে সবার চিকিৎসা সেবা নিশ্চিতে গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কেন্দ্র।
এবার নিয়েছেন আরেকটি অসাধারণ উদ্যোগ। নড়াইল সদর হাসপাতলের মূল ফটকের সামনে বানিয়েছেন জীবাণুনাশক কক্ষ।
গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় জীবাণুনাশক কক্ষটির উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ।
এসময় জেলা প্রশাসক আনজুম আরা বলেন, চমৎকার একটি কাজের সূচনা করতে পারলাম। এর মাধ্যমে হাসপাতালের আসা নড়াইলের মানুষ বেশ উপকৃত হবেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোর্তুজার নিজ উদ্যোগে এই জীবাণুনাশক আধুনিক ও ব্যয়বহুল পদ্ধতির মেশিন স্থাপন করা হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্সসহ আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে প্রবেশ করার আগে এই কক্ষে প্রবেশ করলে করোনা ভাইরাসের জীবাণু থেকে নিজেকে জীবাণুমুক্ত করতে পারবে।
জীবাণুনাশক কক্ষটির উদ্ভাবক প্রকৌশলী মো. আরাফাত জানান, এর ভেতরে যখন কেউ প্রবেশ করবে, তার চারপাশ দিয়ে জীবাণুনাশকগুলো ছড়িয়ে যাবে। এতে তিনি জীবাণুমুক্ত হয়ে বের হবেন।
জীবাণুমুক্তকরণ এই চেম্বারটির প্রতিটি স্থাপনে ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ পড়বে বলেও জানান তিনি।










