অত্যাচার-নির্যাতনের অভিযোগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে নড়াইলের সরকারি শিশু পরিবারের শিশুরা। গতকাল নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। পরে জেলা প্রশাসক তাদের সঙ্গে কথা বলেন। অভিযোগ তদন্তে কমিটি গঠনও করেছে প্রশাসন।

নড়াইল সরকারি শিশু পরিবার সূত্র জানায়, বর্তমানে ৬৪ জন এতিম শিশু ভর্তি থাকলেও ৫৫ জন অবস্থান করছে। তারা আশপাশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।

শিশুদের অভিযোগ, প্রায়ই তাদের ভয়ভীতি দেখানো হয়। তাড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। গালিগালাজ করা হয়। কেউ রাতে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা হয় না। খেলার সরঞ্জাম দেয়া হয় না। তাদের দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করানো হয়। প্রায় প্রতিদিনই রাতে পচা ও দুর্গন্ধযুক্ত খাবার দেয়া হয়। খাবার প্লেট-গ্লাস নেই। ৩০টি ফ্যানের মধ্যে ছয়-সাতটি নষ্ট।

শিশুদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও সরকারি শিশু পরিবারের কর্মকর্তারা জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সাংবাদিকদের জানান, বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। শিশুদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। আরো কথা বলব। কীভাবে সমাধান করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।