ঝিনাইদহের স্কুলের জায়গা দখল করে মাঠে নির্মাণ সামগ্রী রেখে কাজ করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। মেশিন চালানোর বিকট শব্দ আর টায়ার পোড়ানো কালো ধোঁয়ায় ব্যহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান। স্কুল কর্তৃপক্ষ বলছে, জোরপূর্বক এ কাজ করছে ঠিকাদার।

ঝিনাইদহ সদর উপজেলার খড়াশুনি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে জুড়ে রয়েছে সড়ক সংস্কারের নির্মাণ সামগ্রী রেখেছে শহিদুল ইসলাম নামের এক ঠিকাদার। মেসার্স শহিদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠার সড়ক নির্মাণের উপকরণ বিদ্যালয়ের বড় অংশজুড়ে ফেলে রেখেছে। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথরের কুচি। মাঠটির মাঝেই পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিন বসানো আছে। বিকট শব্দে চলে সেটি। রাস্তার সঙ্গে মাটি খুঁড়ে বিটুমিন গলানোর চুলা স্থাপন করা হয়েছে। 

নির্মাণ সামগ্রীর ধুলাবালি এবং বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত টায়ার পোড়ানোর তীব্র কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে এলাকা। স্কুলের দরজা জানালা বন্ধ করে কোনোমত পাঠদান প্রক্রিয়া চালাচ্ছেন শিক্ষকরা। বিদ্যালয়ের সামনে নির্মাণ সামগ্রী থাকায় বন্ধ রয়েছে শিশুদের খেলাধুলা। এমনকি বিদ্যালয়ের বারান্দা দখল করে করা হচ্ছে রান্নার কাজ। এতে চরম বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আলমাসের বাবা দবির উদ্দিন জানান, যেখানে কোমলমতি শিশুদের পাঠদান করা হয় সেখানে ধোঁয়ার কারণে শিক্ষার্থীসহ সবার কষ্ট হচ্ছে। তাই দ্রুত ঠিকাদারী জিনিসপত্র সরানোর দাবি জানান তিনি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির হোসেন বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান অনেকটা জোরপূর্বক মাঠ দখল করে কাজ করছে। স্কুল কর্তৃপক্ষ নিষেধ করলেও শোনেননি ঠিকাদার।

ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শহিদুল এন্টারপ্রাইজের ম্যানেজার মোশারফ হোসেন বলেন, স্কুল ছুটি থাকায় সেখানে নির্মাণ সামগ্রী রেখেছিলেন। দ্রুত সময়ের মধ্যেই এসব উপকরণ সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা. খালেকুজ্জামান জানান, শিক্ষা অফিস বলছে দ্রুত সময়ের মধ্যে এসব উপকরণ অপসারণ করা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খড়াশুনি স্কুল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার তৈলকূপ এলাকায় সড়কের কাজ চলছে। স্কুলটির মাঠে প্রায় দেড়মাস ধরে নির্মাণ সামগ্রী রেখে দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানটি।