চাঁদপুরের কচুয়ায় প্রাইভেটকার খালে পড়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সাচারে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন গাড়িচালক মাজহারুল হক ও মোহাম্মদ শাকিল (৪) নামের এক শিশু। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রাধাপুর গ্রামে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কচুয়ার সাচার চেলাখান্দা ব্রিজের উত্তর পাশে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সাচার ক্যাম্পের পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় তারা গাড়িচালক মাজহারুল হককে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশু মোহাম্মদ শাকিলের মরদেহটিও উদ্ধার করা হয়। অন্য তিনজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সাচার ক্যাম্পের এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় দুজনের মরদেহ ও গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছি।










