বিদায়ী সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গতকাল শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল বিদায়ী তাকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
এছাড়া তিনি এদিন নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় সেনাপ্রধান তার দায়িত্ব পালনকালীন সহযোগিতার জন্য নৌপ্রধান ও বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। পরে বিদায়ী সেনাপ্রধান নবনিযুক্ত সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর বিদায়ী সেনাপ্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। —আইএসপিআর










