রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার,
ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ ও প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল
বডির সবাই পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ও
বিশ্ববিদ্যালয়ের আচার্যের সচিবের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) পদত্যাগপত্র জমা দিয়েছেন ছাত্র উপদেষ্টা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগপত্র জমা দেন প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ প্রক্টরিয়াল
বডির সবাই। এছাড়াও পদত্যাগ করেছেন রাবির গণসংযোগ দফতরের প্রশাসক প্রণব কুমার পাণ্ডে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেন সদ্য সাবেক উপাচার্য, ছাত্র উপদেষ্টা
ও প্রক্টর।
রাবির সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বণিক বার্তাকে জানান,
বৃহস্পতিবার দুপুর তিনটা ১০ মিনিটে রাষ্ট্রপতির সচিবের কাছে মেইলের মাধ্যমে পদত্যাগপত্র
পাঠিয়েছি। তারা পেয়েছেন বলে জানিয়েছেন। রাবির শিক্ষার্থীরা দাবি করছিলেন পদত্যাগের
জন্য। সেজন্য পদত্যাগ করেছেন।
২০২১ সালের ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের
পরিচালক অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছিলেন
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গোলাম সাব্বির ২০০৯ থেকে ২০১২
সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে তিনি নিজ বিভাগের সভাপতি
হন।
অন্যদিকে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সবার
পদত্যাগ দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট)
দুপুরে রাবি সমন্বয়ক কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল
বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ১৭ হলের
প্রভোস্ট, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে
পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা তাদের পদত্যাগে বাধ্য করবেন।










