দিনাজপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরো তিনজন। গতকাল বেলা আড়াইটার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা ও বগুড়ায় আরো দুজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

দিনাজপুর: ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে আসছিল ওয়াকা পরিবহনের একটি বাস। বেলা আড়াইটার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের গম গবেষণা ইনস্টিটিউটের সামনে দশমাইলগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দেয় বাসটি। এতে ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় চালকসহ পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যান।

দিনাজপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. রেজাউল ইসলাম জানান, চালকসহ ইজিবাইকে থাকা যাত্রীরা দিনাজপুর থেকে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে রাস মেলায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে আড়াই ঘণ্টা ধরে দিনাজপুর থেকে রংপুর, নীলফামার, ঠাকুরগাঁও, পঞ্চগড় রুটে বাস চলাচল বন্ধ ছিল। নিহত পাঁচ যাত্রীর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতোড় গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার নাতনি চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), দিনাজপুর উপশহরের আট নম্বর ব্লকের বাসিন্দা শিমু আকতার (৩৮)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

দিনাজপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থলে তিনজনের মরদেহ পেয়েছেন তারা। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ইজিবাইকের আরো দুই যাত্রীসহ চালক গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বাসটি আটক করা হয়েছে।

গাইবান্ধা: সুন্দরগঞ্জে গাড়ির নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের হুড়াভায়া খাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়া: ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মুখের ডান পাশ ছাড়া শরীরের প্রায় সব অংশই ক্ষতবিক্ষত হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এ আর কে সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার এসআই (নিরস্ত্র) মো. নুর হোসেন নুর জানান, ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতিতে আসা একটি যান তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ জানান, শেরপুর হাইওয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনাকবলিত গাড়ি এবং চালককে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।