চারটি হত্যা মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেন তিনি। তবে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সহিদুল ইসলাম।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অমর জীবন চাকমা। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অমর জীবন চাকমার নামে পাঁচটি মামলা রয়েছে।
তবে অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, ‘অমর জীবন চাকমা সব মামলায় হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। কিন্তু জেলা ও দায়রা জজ আদালতে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, অমর জীবন চাকমার বিরুদ্ধে ২০০৭ সালে ৫০০ টাকার ১০১টি জাল নোট রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
এছাড়া ২০১৮ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মী শান্ত চাকমা, কালোময় চাকমা হত্যা মামলা ও লংগদুতে জংগলী চাকমা হত্যার মামলা রয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোটে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমর জীবন চাকমা। এর আগে তিনি একই উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।










