ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রথ্যম দফায় দেশে ফিরছেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশী। আজ সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের এ ফ্লাইটের ঢাকায় অবতরণ করার কথা।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈরুতের রফিকি হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় গতকাল রোববার (২০ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে ৫৪ জন প্রবাসী বাংলাদেশীকে বহনকারী বিমানটি রওনা হয়েছে। জেদ্দা হয়ে সোমবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর কথা।

প্রথম দফায় ৪৭ জন প্রাপ্তবয়স্কের সঙ্গে সাত শিশুও ওই ফ্লাইটে ফিরছে বলে জানা গেছে।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে ইসরায়েল। ব্যাপক হামলার মুখে লেবানন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। দেশটি থেকে ১ হাজার ৮০০ বাংলাদেশীকে সরকার ফেরত নিয়ে আসবে বলে জানা গেছে।