লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার চরসেকান্দর গ্রামে অষ্টাদশী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে মামলা হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান।
অভিযুক্ত ধর্ষকের নাম লিটন (২৫)। তিনি রামগতি পৌরসভার চরসেকান্দর গ্রামের হানিফের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চরসেকান্দর গ্রামের ধর্ষক লিটন (২৫) প্রতিবেশী অষ্টাদশী তরুণীকে নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই তরুণীর আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে আটক করে। তবে থানাপুলিশকে অবহিত না করেই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন নিজেই স্থানীয়ভাবে শালিস বৈঠকের আয়োজন করেন। এতে ওই ধর্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে ওই শালিশও না মেনে স্থানীয় বখাটে জুয়েল, ইকবাল, গাফফারের নেতৃত্বে ওই ধর্ষককে শালিশ বৈঠক থেকে জোর করে বের করে নিয়ে যায়।
এ ঘটনায় উপায় না পেয়ে ধর্ষিতা নিজে বাদী হয়ে বুধবার দুপুরে রামগতি থানায় ধর্ষক লিটনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলায়মান জানান, ধর্ষক লিটন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।










