একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় বিধি প্রণয়নের জন্য ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধনের উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে করা একটি রিটের শুনানি শেষে আদালত রুল আংশিক চূড়ান্ত করেন।

আদেশে বলা হয়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত সার্কুলার জারি করতে হবে। পাশাপাশি ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন করে এ বিষয়ে প্রয়োজনীয় বিধান সংযোজনের উদ্যোগ নিতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গার মোটর পার্টস ব্যবসায়ী ইব্রাহিম ঢাকার সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীদের হামলায় আহত হন। তাকে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালে নেয়া হলেও সেখানে চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে রিট দায়ের করে।

ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে জানতে চান, আহত ব্যক্তিদের জীবন রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, চিকিৎসা নিশ্চিত করতে সার্কুলার জারির নির্দেশ কেন দেয়া হবে না এবং নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না।