রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলিতে আহত শিশু সাজ্জাদ হোসেন (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাজ্জাদের বড় ভাই মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মুরাদ জানান, শনিবার (২৬ অক্টোবর) জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে সাজ্জাদসহ আরো দুজন গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সাজ্জাদের মৃত্যু হয়। সাজ্জাদের বুকে, পেটে ও হাতে বেশ কয়েকটি গুলি লেগেছিল বলে তার ভাই জানান।
ক্ষোভ প্রকাশ করে মুরাদ বলেন, ‘মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই জেনেভা ক্যাম্পে গোলাগুলি হয়। আমার ভাইয়ের কী অপরাধ ছিল? এসব অবৈধ অস্ত্র মোহাম্মদপুর থানা ও আদাবর থানার লুট করা অস্ত্র, যা দিয়ে প্রতিনিয়ত ক্যাম্পে গোলাগুলি চালানো হয়। অভিযান হলেও মূল অপরাধীরা ধরা পড়ে না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাজ্জাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
উল্লেখ্য, মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে সাজ্জাদ ছাড়াও আমিন (২৭) ও শফিক (৩২) নামের আরো দুজন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।










