বরিশাল সরকারি বিএম কলেজে অযৌক্তিকভাবে সেশন ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের অর্থের সঙ্গে তৃতীয় বর্ষের পরিশোধ করা সেশন ফি পুনরায় দাবি করার প্রতিবাদে গতকাল দুপুরে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। তারা ফরম পূরণে অতিরিক্ত অর্থ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষাথীরা জানান, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষ এবার ৬ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করেছে। এর মধ্যে তৃতীয় বর্ষের সেশন ফি বাবদ ধরা হয়েছে ২ হাজার ২৫০ টাকা, কিন্তু সেশন ফির এ অর্থ তারা আগেই পরিশোধ করেছেন। কিন্তু চতুর্থ বর্ষের ফরম পূরণে পুনরায় তৃতীয় বর্ষের সেশন ফি ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ।
অতিরিক্ত ফি আদায়ের নোটিশের প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে অবস্থান নিয়ে তারা চতুর্থ বর্ষের ফরম পূরণে তৃতীয় বর্ষের পরিশোধ করা সেশন ফি পুনরায় দাবি করায় তা প্রত্যাহার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষ এবার ৬ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করেছে। এর মধ্যে তৃতীয় বর্ষের সেশন ফি বাবদ ধরা হয়েছে ২ হাজার ২৫০ টাকা। কিন্তু সেশন ফির এ অর্থ তারা আগেই পরিশোধ করেছেন। কিন্তু চতুর্থ বর্ষের ফরম পূরণে পুনরায় তৃতীয় বর্ষের সেশন ফি ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘আমরা ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। অযৌক্তিক কোনো দাবি করছি না। আমাদের দাবি মানতে হবে।’
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়ার কক্ষে যান এবং তাদের দাবি তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানান। কলেজ অধ্যক্ষ এ সময় তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা পৌনে ১টার দিকে বিক্ষোভ স্থগিত করেন।
বিএম কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষার্থীরা দাবি করেছেন, তারা তৃতীয় বর্ষের সেশন ফি পরিশোধ করেছেন। যদি সেটা করে থাকেন তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।’










