চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর ও শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার বড়দাদপুর গ্রামের ইমরান আলীর ছেলে ইয়াসিন (১৮) ও শেরপুর কোঠাডাঙ্গা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মৃত ঝাড়িয়ার ছেলে হূদয় উরাঁও (৫২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বাড়ির উঠানে বসে ছিলেন হূদয়। অন্যদিকে একই সময়ে গরু নিয়ে মাঠে যায় ইয়াসিন। এ সময় বজ্রপাত হলে দুজনই ঘটনাস্থলে মারা যান। পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খান জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই হঠাৎ করে বজ্রপাত হলে তারা মারা যান। বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস।