শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আজ সোমবার (২৮ অক্টোবর) বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসব প্রতিষ্ঠানের জন্য শিল্প উপদেষ্টার কাছে সার্বিক সহযোগিতা চান তিনি।

সুইডেনের রাষ্ট্রদূত আরো বলেন, সুইডেন সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন এবং এসএমসিআইএফকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতার অনুরোধ জানান।

এ সময় শিল্প উপদেষ্টা সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।