সমাবেশের নামে বিএনপি যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য ১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৫ ডিসেম্বর) নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপি নাকি রাজপথ ও ঢাকা দখল করবে। ফখরুল সাহেব আমি বলতে চাই, আমাদের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় পাহারায় থাকবে। বিএনপি বিআরটিসির বাস পুড়িয়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট সড়কে শেখ হাসিনার স্থাপন করা ভিত্তি প্রস্তর রাতের অন্ধকারে পুড়িয়েছে। তারা আগুন-লাঠি নিয়ে আসবে, এজন্য তারা পার্টি অফিসের সামনে সমাবেশ করতে চায়।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিশাল সোহরাওয়ার্দী উদ্যানকে ফখরুল সাহেব বলেন খাঁচা।ফখরুলসহ কেউ কেউ খেলা হবে স্লোগান পছন্দ করে না। কিন্তু আমি আজীবন এ স্লোগান দিয়ে যাব, এ স্লোগান জনগণ খুবই পছন্দ করে। তাই আমি বলব, খেলা হবে। এ ডিসেম্বরে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে, টাকা চুরির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।’
তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয়ে বাংলাদেশের উন্নয়ন অর্জনের মহাসড়ক ধরে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার অঙ্গীকার এ বিজয়ের মাসে।
বক্তব্যের শেষে ওবায়দুল কাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমকে পুনরায় সভাপতি ঘোষণা করেন। তবে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তা ঘোষণা করা হবে বলে জানান তিনি।










