মিরসরাইয়ে বাসাবাড়ি ও সড়কের পাশে রাখা মোটরসাইকেল চুরি করত একটি চক্র । চুরি করা মোটরসাইকেল বিক্রির জন্য ফেনীর এক মোটর গ্যারেজের মালিককে দিয়ে ফেসবুক পেজে দেয়া হতো বিজ্ঞাপন। পরে ৩০-৫০ হাজার টাকায় বিক্রি করা হতো চুরির এসব মোটরসাইকেল। এ ধরনের একটি মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সাতটি মোটরসাইকেল। রোববার সন্ধ্যায় উপজেলার নয়দুয়ার এলাকা থেকে ইকবাল হোসেন রুবেলকে গ্রেফতারের পর পুলিশকে এসব কথা জানায় সে। পরে রুবেলের  দেয়া তথ্যে গতকাল ভোরে ফেনীর লেমুয়া ও সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মিরসরাই থানা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চোর চক্রটি দীর্ঘদিন মিরসরাইয়ের বিভিন্ন বাড়ি ও রাস্তা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা হলে মামলার সূত্র ধরে রোববার রাতে চোর চক্রের প্রধান ইকবাল হোসেন রুবেলকে নয়দুয়ার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে ফেনীর লেমুয়া এলাকার মো. ইসমাইলের মোটরসাইকেল গ্যারেজ থেকে পাঁচটি, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড থেকে একটিসহ মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।