চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা লেগে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় হৃদয় রায় (২৭) নামে এক পুলিশ সদস্যের প্রাণহানি হয়েছে। গতকাল সকালে ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে।
মিরসরাই হাইওয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার নিজামপুর বাজারের পাশে একটি গাড়ি দাঁড়িয়েছিল। এ সময় একটি পণ্যবাহী পিকআপ গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন মারা যান। নিহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে পিকআপচালক মো. মাসুম বিল্লাহ (৪২) ও তার সঙ্গে থাকা পাবনার ঈশ্বরদী থানার বাবুচারা গ্রামের মৃত আজের আলীর ছেলে মো. আব্দুর রহিম (৪৫)।
কুমিরা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
অন্যদিকে দিনাজপুরের পার্বতীপুরে মায়ের সঙ্গে দেখা করে ফেরার পথে ট্রাকচাপায় হৃদয় রায় (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় দিনাজপুর পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা হরিবাসর গ্রামে। তিনি ওই গ্রামের কালীরঞ্জন রায়ের ছেলে। তবে হৃদয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যরা পার্বতীপুর শহরে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় রায় মোটরসাইকেলে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসছিলেন। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া উঁচু সেতুর কাছাকাছি পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের শেরপুর মহেন্দ্রপাড়া গ্রামে মামারবাড়িতে থাকা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই পুলিশ সদস্য। সেখান থেকে পার্বতীপুর শহরের ভাড়া বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।










