রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুদিনে ২ হাজার ৫০৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭২১টি মামলা, ৩৩৩টি গাড়ি ডাম্পিং ও ৯০টি গাড়ি রেকার করেছে।

অপরদিকে গতকাল শুক্রবার অভিযানে ৭৮৮টি মামলা, ২০১টি গাড়ি ডাম্পিং ও ৩১টি গাড়ি রেকার করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।