ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) এবং আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

আহতরা হলেন- সিএনজিচালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রীসহ চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা একটি লরির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয়জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যান।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও অজ্ঞাত লরিটিকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’