ঢাকার কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী ও চট্টগ্রামে আরো দুজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঢাকা: কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)। আহতরা হলেন শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। খাইরুল কেরানীগঞ্জ এলাকার মো. ইউনুসের ছেলে।

নিহত নয়নের চাচাতো ভাই সজীব জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায়। রাতে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিল নয়ন। পথে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন নয়নসহ বেশ কয়েকজন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক নয়নসহ দুজনকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরাফাত মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য আরোহী। সোমবার রাত ১০টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়পাড়া পর্যটন কেন্দ্র নতুন ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত মোল্লা উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের কৃষক কালাম মোল্লার ছেলে। আহত মো. রাফিন (২১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে বারৈয়াঢালার সেবা ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন (৪৫) বারৈয়ারঢালা ইউনিয়নের শফি মিজি বাড়ির বাসিন্দা। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।