কম খরচ ও স্বল্প সময়ে লাভজনক এ ফসল জেলার বিভিন্ন এলাকায় চাষ করে ভালো আয় করছেন কৃষক। পাশাপাশি কৃষি বিভাগ থেকেও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

কৃষি গবেষক ও বিশেষজ্ঞরা জানান, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া কালোজিরা চাষের জন্য অত্যন্ত উপযোগী। রোগবালাই তুলনামূলক কম হওয়ায় উৎপাদন ঝুঁকি কম এবং বাজারে দাম ভালো থাকায় ফসলটি কৃষকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। কালোজিরা উৎপাদনে সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা হিসেবে বিবেচিত হচ্ছে।

সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের কৃষক রকিব হোসেন জানান, চলতি মৌসুমে তিন বিঘা জমিতে বারি-১ জাতের কালোজিরা চাষ করেছেন। গত মৌসুমে দুই বিঘা জমিতে কালোজিরা চাষ করে উৎপাদন খরচ বাদে প্রায় ৯০ হাজার টাকা লাভ হয়েছিল তার।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শিমুল মণ্ডল বলেন, ‘কালোজিরা স্বল্প সময়ের একটি লাভজনক ফসল। এটেল-দোঁয়াশ মাটিতে এ ফসল ভালো হয়, যা সাতক্ষীরায় পর্যাপ্ত রয়েছে। উপকূলীয় এ জেলায় বারি-১ জাতের কালোজিরা উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিঘাপ্রতি সাড়ে চার থেকে পাঁচ মণ পর্যন্ত উৎপাদন সম্ভব।’

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, দুই-তিন বছর ধরে জেলায় বাণিজ্যিকভাবে কালোজিরা চাষ শুরু হয়েছে। চলতি মৌসুমে প্রায় ২৫ বিঘা জমিতে এ ফসলের চাষ হয়েছে। বিঘাপ্রতি কালোজিরা চাষে খরচ পড়ে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা। সেখানে উৎপাদন হয় সাড়ে চার-পাঁচ মণ, যার বাজারমূল্য ৫৫-৬০ হাজার টাকা পর্যন্ত। সাতক্ষীরার মাটি ও আবহাওয়া কালোজিরা চাষের জন্য উপযোগী হওয়ায় ফসলটির আবাদ আরো বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে।’