ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) মো. কোহিনূর মিয়াকে চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (শৃঙ্খলা-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোহিনূর মিয়ার বিরুদ্ধে দুটি বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগে দুটি ফৌজদারি মামলায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেয়া হয়। পরে তার গুরুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করলে বরখাস্তের আদেশটি বাতিল করা হয়।
এর প্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বরখাস্তসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিসিএসের ১২তম ব্যাচের এ কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়। তবে তার স্কুলজীবন কেটেছে মাদারীপুরের শিবচর উপজেলায়, সেখানেই তিনি মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করেন। একজন পথচারীকে নির্যাতনের অভিযোগে বিশ বছর আগে একটি মামলা থেকে পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়াসহ তিনজনকে খালাস দেয় আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় দেন। খালাস পাওয়া অন্য দুজন হলেন ঢাকা মহানগর পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাজহারুল হক ও কনস্টেবল রুহুল আমীন।










