স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘পুলিশ বাহিনী এখন অনেক এগিয়ে গেছে। পুলিশ এখন জনগণের সাথে থাকে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে আস্থার জায়গায় পরিণত হয়েছে। পুলিশকে আরো আধুনিক ও সুসজ্জিত করছি। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক পুলিশ বিনির্মাণ করতে যাচ্ছি।’ গতকাল দুপুরে বরিশালের মুলাদী থানার চার তলাবিশিষ্ট নবনির্মিত ভবন উদ্বোধন শেষে থানা চত্বরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।