দিনাজপুরের হিলিতে মাত্র একদিনের ব্যবধানে ডিমের দাম পাতাপ্রতি (৩০পিস) ২৫ টাকা করে বেড়েছে। একদিন আগেও প্রতি পাতা ডিমের দাম ছিল ২২৫ টাকা, বর্তমানে তা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে পর্যাপ্ত ডিমের সরবরাহ থাকলেও ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। অন্যদিকে সরবরাহ কমায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

হিলি বাজারে ডিম কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, বাজারে যে জিনিসপত্রের দাম তাতে করে আমাদের মত নিম্ন আয়ের মানুষজনের মাছ মাংস কিনে খাওয়া সম্ভব নয়। তাই আমাদের মতো মানুষদের অল্প টাকায় ভালো খাদ্য খাওয়ার একমাত্র সম্বল ছিল এই ডিম। কিন্তু এবার সেই ডিমের দাম ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে পাতাতে ২৫ টাকা করে বেড়েছে। এভাবে ডিমের দাম বাড়লে আমরা কিনবো কীভাবে আর খাবো কীভাবে।

ডিম কিনতে আসা নাজমা আকতার বলেন, বাজারে কোনো জিনিসের দামের ঠিক নেই। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এভাবে পণ্যের দাম বাড়ায় ব্যয়ভার মেটাতে গিয়ে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। একদিন আগে বাজার থেকে ডিম কিনলাম ২২৫ টাকা পাতা দরে সেই ডিম কোনো কারণ ছাড়াই একদিনের ব্যবধানে দাম বেড়ে ২৫০ টাকা হয়ে গেলো। এভাবে দাম বাড়লে ডিম কিনে খাওয়া আমাদের জন্য অসম্ভব ব্যাপার দাঁড়াবে। আমরা চাই দাম যেন কমে সাধারণ মানুষ যেন কিনে খেতে পারে।

হিলি বাজারের ডিম বিক্রেতা সুলতান মাহমুদ বলেন, বেশ কিছুদিন ধরে দাম একই রকম থাকার পরে হঠাৎ করেই একদিনের ব্যবধানে মোকামে ডিমের দাম বেড়ে গেছে। যার কারণে আমাদের বাড়তি দামে মোকাম থেকে ডিম কিনতে হচ্ছে। এতে করে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে যেহেতু আর মাত্র কয়েকদিন পরে ঈদ যার কারণে অত্র অঞ্চলের ডিমগুলো সব ঢাকায় যাচ্ছে এতে করে চাহিদা অনুযায়ী ডিমের যোগান দেয়া যাচ্ছে না। সেই সঙ্গে ঈদ ঘনিয়ে আসায় বাজারেও ডিমের চাহিদা বেড়েছে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে সব খামারে ডিমের উৎপাদন ঠিকভাবে হচ্ছেনা। যার কারণে বাজারে চাহিদার তুলনায় ডিমের সরবরাহ কম থাকায় ডিমের দাম বাড়ছে। তবে যে অবস্থা দেখছি তাতে করে ঈদের আগে আর ডিমের দাম কমার সম্ভাবনা নেই।