ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)
ভোট চুরি
বা ফলাফল
বদলানো সম্ভব
নয় বলে দাবি করেছেন
প্রধান নির্বাচন
কমিশনার কাজী
হাবিবুল আউয়াল।
তিনি বলেন,
‘আইনস্টাইনও ইভিএমের
ফল পাল্টাতে
পারবেন না।’ গতকাল পাবনার
ঈশ্বরদীতে ‘নির্বাচনে
আধুনিক প্রযুক্তি
ব্যবহারের চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’
শীর্ষক দিনব্যাপী
কর্মশালা শেষে
সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এসব কথা বলেন
সিইসি।
এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএমের ভালো দিক হলো নিরাপত্তা, ভোটের নিরাপত্তা। যেমন আমার ভোট আমি দেব অন্য কেউ যেন কেড়ে নিয়ে সিল মেরে দিতে না পারে। ভোটাররা না গেলে, ফিঙ্গার প্রিন্ট না মিললে ডিজিটাল ব্যালট ওপেন হবে না। কিন্তু আমাদের বড় একটা অংশ দাঁড়িয়ে গেল ইভিএমের বিপক্ষে। তারা বলতে লাগলেন, এটা ভোট চুরির মেশিন।’
নির্বাচন কমিশনে প্রথম যোগ দিয়ে সিইসির নিজেরও এমন ধারণা ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এরপর আমি পরীক্ষা করতে থাকি। দীর্ঘদিন ধরে পরীক্ষা করেছি। বিশেষজ্ঞদের নিয়ে এসে তাদের মেশিন দিয়ে বললাম, আমাদের দেখিয়ে দেন কারচুপি কীভাবে করা সম্ভব। কিন্তু তারা দেখাতে পারেননি।’
গত ৯-১০ মাসে দেশে যতগুলো নির্বাচন হয়েছে, সেগুলোয় কোনো বস্তুনিষ্ঠ অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে সিইসি বলেন, ‘শেষের ১০ মিনিটে ফলাফল পাল্টে দেয়া সম্ভব বলে অভিযোগ উঠেছিল। কিন্তু এ ১০ মিনিটে যদি একজন আইনস্টাইনকেও বসিয়ে দেয়া হয় তিনিও ফল পাল্টাতে পারবেন না। এটা সম্ভব না।’
তিনি আরো বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বিতর্ক সৃষ্টি হতে পারে। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় ফাঁক থাকলে, কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক হয়েছে বলা যাবে না। সেই নির্বাচন নিয়ে বিতর্ক হতে পারে।’
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হল রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক আব্দুল বাতেন।










