সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক ও এক কেজি হেরোইনসহ সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে গতকাল ভোরে তাকে আটক করা হয়। মাদক চোরাকারবারি হাসানুজ্জামান কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধপথে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভয়ংকর মাদক এলএসডির বড় চালান আনার বিষয়ে বিজিবির কাছে গোপন সংবাদ আসে। পরে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে সীমান্ত বাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এ সময় মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হেরোইনসহ চোরকারবারি হাসানুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত এলএসডি মাদক ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, আটককৃত সাবেক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।