আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এর আওতায় দুই কোটি শিশুকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়ায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেয়ার ব্যবস্থা আমরা নিয়েছি। এর আওতায় প্রায় দুই কোটি শিশু আসবে। এ টিকা বিশেষ ধরণের (ফাইজার) যা শিশুদের জন্য তৈরি করা হয়েছে। দুই কোটি টিকার চাহিদা আমরা পাঠিয়েছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি।
ইতোমধ্যে ৩০ লাখ টিকা এসেছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নিতে বাবা-মায়ের প্রতিও তিনি আহ্বান জানান। তিনি বলেন, জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ; যেখানে প্রায় ৭৫ ভাগ জনগণকে টিকা দেয়া হয়েছে। আমাদের টার্গেটের ৯৫ ভাগ মানুষকে টিকা দেয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। আমরা এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি তাদের দ্রুত বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানান তিনি।
টিকা প্রদানে সফলতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাক্সিন হিরো আখ্যা দেয়া হয়েছিল। বৈশ্বিক টিকা জোট গ্যাভি এবার তাকে টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করেছে বলেও মাহফিলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, ফলে সেভাবে করোনা দেশে হানা দিতে পারবে না বলেও আশা প্রকাশ করেন জাহিদ মালেক।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
জুনে ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকাদান
আগামী জুনের মধ্যে ৫ থেকে ১২ বছরের শিশুদের টিকা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এর আওতায় দুই কোটি শিশুকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া হবে।










