ঘুষের ৩ লক্ষাধিক টাকাসহ আটক কুষ্টিয়ার দৌলতপুর সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আবু তাহের গতকাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার মুন্নি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী। 

এর আগে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া কার্যালয়ের একটি টিম বুধবার রাতে ওই অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে।  

দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপপরিচালক মো. জাকারিয়া জানান, দৌলতপুর সাবরেজিস্ট্রি অফিসের নানা দুর্নীতির খবর তাদের কাছে ছিল। এখানে নিয়মিতভাবে দলিলপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ রয়েছে। 

দুদকের টিম তল্লাশি করে অফিস সহকারী জান্নাতুল ফেরদৌস মুন্নির ড্রয়ার থেকে ৩ লাখ এক হাজার ২০০ টাকা উদ্ধার করে। মুন্নি ওই টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

উদ্ধারকৃত অর্থ ঘুষের বলে প্রতীয়মান হয়। রাতেই তাকে দৌলতপুর থানা পলিশের কাছে হস্তান্তর করা হয়।