গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ মার্চ) বেলা একটায় কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের এম এ হাসিব (৫৫), কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের লোকমান শেখের ছেলে বাইসাইকেল আরোহী নবীর শেখ (২২) ও রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম(২৪)। নিহত হাসিব মাজড়া মহিউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক এস আই সাদেকুল ইসলাম জানান আজ দুপুরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় অবস্থান করা একটি মোটর সাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক হাসিব নিহত হন। এ সময় গুরুতর আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আরোহী আব্দুর রহিম।

এ অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজ জানান তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।