এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দ্বন্দ্বে প্রাণ গেল এক যুবকের। ফরিদপুরে ওই দুই জনপ্রতিনিধির মধ্যে সংঘর্ষে নিহত যুবকের নাম জালাল ফকির (৪০), এ ঘটনায় একজনের কব্জি বিচ্ছিন্নসহ আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফরিদপুরের সদরপুর উপজেলার যাত্রাবাড়ী এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। কৃষ্টপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের এ দ্বন্দ্বে নিহত জালাল তিতাসের সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে সাবেক চেয়ারম্যানের এক সমর্থকের হাতের কব্জি কেটে নেয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে বেশকিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। এসময় আহত হন কমপক্ষে ১৫ জন।
পরে আজ সকালে আরেক দফা সংঘর্ষে কুপিয়ে হত্যা করা হয় জালাল ফকিরকে। এসময় আহত হন আরো ১০ জন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। দোষীদের চিহ্নিত করে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।










