বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা সদর বাজারে আগুনে পুড়ে ছাই হয়েছে ৭৮ দোকান। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল সকালে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরিভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও প্রশাসন, বান্দরবান চেম্বার অব কমার্স ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর বাজারের একটি ব্রয়লার মুরগির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পরে বান্দরবান সদরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা বণিক বার্তাকে বলেন, আগুনে ৭৮টি দোকান ও বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকার বেশি হতে পারে। গতকাল সকালে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা দেয়া হয়েছে।










