যশোরে দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও নির্বাচন অফিস ঘেরাও করেছেন বিএনপি নেতাকর্মীরা। যশোর-৩ ও ৬ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রস্তাবের প্রতিবাদে গতকাল দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করে। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। এরপর দুপুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতেই এ ষড়যন্ত্র করা হচ্ছে।

এ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির সামনে স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশনও রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় একটি মহল দীর্ঘদিনের ইতিহাস-ঐতিহ্যের বিচ্যুতি ঘটিয়ে যশোরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের চেষ্টা করছে। জেলা বিএনপি সংসদীয় আসন পুনর্বিন্যাসের যেকোনো চেষ্টার বিরোধিতা করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোর পুনর্নির্ধারিত সীমানা সম্পর্কে শুনানির তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।