দিনাজপুরের চিরিরবন্দরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন নওখৈর গ্রামের বাকুপাড়ার তাহেরের ছেলে মাসুদ (৩৫), মৌলভীপাড়ার মহির আলীর ছেলে সাইদুল (৩৮) এবং চৌধুরী পাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে আলতাফ হোসেন (৪৫)। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রামবাসী জানায়, মিলন নামে আমেরিকা প্রবাসী এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন ওই শ্রমিকরা। তিন সপ্তাহ আগে ভবনের সেপটিক ট্যাংকের শাটারিংয়ের কাজ শেষ হয়। গতকাল সকালে মাসুদ ও সাইদুল নামে দুই রাজমিস্ত্রি সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে নিচে নামেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রমিক আলতাফও নিচে নামেন। কিন্তু বেশকিছু সময় পরও তাদের ওপরে উঠে আসতে না দেখে ভেতরে আলো ও বাতাসের প্রবাহ নিশ্চিত করে স্থানীয় কয়েকজন ব্যক্তি নিচে নামেন। সেখানে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ ও সাইদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ আলতাফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।










