ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া
নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। গতকাল বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ সিদ্ধান্ত
নেয়া হয়। এরপর থেকে মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি। এছাড়া দুই ঘাটে রয়েছে আরো ১১টি
ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন নদী পারাপারের যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি
আরিচা সেক্টরের সহকারী জেনারেল ম্যানেজার মহিউদ্দিন রাসেল।
তিনি জানান, বুধবার সন্ধ্যার পর থেকে
কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে
নৌ-দুর্ঘট্না এড়াতে মাঝ নদীতে বন্ধ রাখা হয় শাহপরান, কেরামত আলী ও বনলতা ফেরি। এছাড়া
আরো ১১টি ফেরি উভয় ঘাটে আটকে রাখা হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া
পাড়ে আটকে পড়েছে অর্ধশত যাত্রীবাহী বাসসহ তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।










