বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে স্থাপন করা হয়েছে সিমুলেশন ল্যাব। অত্যাধুনিক এ ল্যাব থেকে কৃত্রিম মানব শরীরসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিতে পারবেন শিক্ষার্থীরা। মানবদেহ ছাড়াই সহজেই সিপিআর, নরমাল ডেলিভারি, বেসিক ও অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্পর্কে সহজেই জ্ঞানার্জন করতে পারবেন তারা। আটটি কক্ষের সমন্বয়ে গঠিত এ ল্যাব গতকাল উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফয়জুল বাশার।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ ও সাধারণ সম্পাদক ডা. সিহাব উদ্দিন, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, ডা. আকবর কবির, ল্যাব পরিচালনা পর্ষদের সভাপতি ডা. চন্দনা সরকার ও সদস্য ডা. ওয়াহিদা সুলতানা, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. রফিকুল বারী, ডা. হানিফ হাওলাদার, ডা. কাজল কান্তি দাস, ডা. জামিল হোসেন, ডা. রিয়াজ হোসেন প্রমুখ।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা এ ল্যাব থেকে বিভিন্ন অপারেশনসহ তাৎক্ষণিক সেবা দেয়ার পদ্ধতি হাতেকলমে শিখতে পারবেন। কৃত্রিম মানবদেহ কাটাছেঁড়ার কিছুক্ষণ পর তা মিলিয়ে আগের রূপে ফিরে যাবে। ফলে শিক্ষার্থীরা সহজেই একই বিষয়ে দক্ষতা অর্জন না করা পর্যন্ত একাধিকবার প্রশিক্ষণ নিতে পারবেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা দ্রুত দক্ষতা অর্জন করে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি হাসপাতালে শিক্ষার্থীদের চাপ কমবে।

শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ‘ক্যাম্পাসের মধ্যেই এখন হাতে-কলমে একাধিকবার কৃত্রিম মানবদেহ কাটাছেঁড়া করে প্রশিক্ষণ নিতে পারব। উন্নত বিশ্বে এ মডেল ব্যবহারের মধ্য দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমে আরো গতি আসবে।’

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার বলেন, ‘অত্যাধুনিক এ ল্যাবের মধ্য দিয়ে কম সময়ে ও কার্যকর পদ্ধতিতে স্বাস্থ্যবিষয়ক শিক্ষা নিতে পারবে শিক্ষার্থীরা। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’