পাবনার চাটমোহর উপজেলার ব্যবসায়ী সমিতির সভাপতি, চাটমোহর রিপোর্টার ইউনিটির সভাপতি ও স্থানীয় একটি পত্রিকার সম্পাদক কেএম বেলাল হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল দুপুরে চাটমোহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চাটমোহর পৌরসভার চার নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রাজ আলী বাদী হয়ে বেলাল হোসেন স্বপনের নামে শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) একটি মামলা দায়ের করেন।

পাবনা ডিবি পুলিশের ওসি তোফাজ্জল হক জানান, বেলাল হোসেনের নামে চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাবাদ শেষে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে। থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করবে।

জানা গেছে, বেলাল হোসেন শুক্রবার তার ফেসবুক ওয়ালে রাজ আলীকে নিয়ে একটি পোস্ট দেন। এ ঘটনায় রাজ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।