দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম ব্যবসায়ীদের চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ ও চলাচলের অনুমতি দিয়ে কঠোর লকডাউন আরো সাতদিন বাড়ানো হয়েছে। গতকাল ৩১ মে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ, মৃত্যুহার ও ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে আজ
রাত ১২টা ১ মিনিট থেকে কঠোর লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কঠোর লকডাউনের আওতায় ১১ দফা নির্দেশনা বজায় রেখেছে জেলা প্রশাসন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, চলমান কঠোর লকডাউনের সব নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। তবে জেলার প্রধান অর্থকরী ফল আমের মৌসুমে আমচাষী, ব্যবসায়ী, আড়তদার ও রফতানিকারকদের যাতে কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের আম ব্যবসায়ীদের জেলায় প্রবেশে কোনো বাধা নেই। তারা জেলায় প্রবেশ ও কোনো রকম বাধা ছাড়াই ব্যবসা করতে পারবেন। জেলায় করোনা সংক্রমণ নিম্নমুখী। তবে এটি অব্যাহত রাখতে স্বাস্থ্য বিভাগের পরামর্শে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। অন্যদিকে চলমান কঠোর লকডাউনের আওতায় জেলায় প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা-অ্যাম্বুুলেন্স ও পণ্যবাহী ট্রাক চালু থাকবে। দ্বিতীয় মেয়াদে আগামী সাতদিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। লকডাউন চলাকালীন সব ধরনের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসি খোলা থাকবে। কেউ জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যেতে হবে। এমনকি জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজে ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না।
আম বাজারজাত
ও পরিবহনের বিষয়ে তিনি বলেন, আমের আড়তের পরিধি বাড়ানো হয়েছে। তবে সরাসরি বাগান থেকে ট্রাকে আম পরিবহন করা যাবে। এছাড়া অনলাইনে অর্ডার গ্রহণ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম ক্রয়-বিক্রয় করা যাবে। এছাড়া শিল্প-কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন। এছাড়া জরুরি পরিষেবা যেমন
কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কভিড টিকা, ত্রাণ বিতরণ, বিভিন্ন গণমাধ্যমের কর্মী, ইন্টারনেট লাইন সংযোগসংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ঘোষিত জেলায় কঠোর লকডাউন চলছে। ২৫ মে রাত ১২টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউন চলে গতকাল রাত ১২টা পর্যন্ত। ওই সময় থেকে নতুন করে শুরু হয় আরো সাতদিনের লকডাউন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আরএমও জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।










