গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। দীর্ঘদিন ধরে অধ্যক্ষের অনুপস্থিতি, নিয়মিত ক্লাস ও পরীক্ষা না হওয়ায় গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ইনস্টিটিউটে অধ্যক্ষের অনুপস্থিতি, নিয়মিত ক্লাস ও পরীক্ষা না হওয়ায় সেশন জট সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানে জনবল সংকটের কারণে শিক্ষার্থীদের ফরিদপুরে গিয়ে পরীক্ষা দিতে হয়। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পালিত হয় না কোনো জাতীয় কর্মসূচি। পরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক শাহিদা সুলতানার সঙ্গে সাক্ষাৎ করে। জেলা প্রশাসক দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।