চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আটজন। গতকাল বেলা সোয়া ২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নে লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৬২) ও তার নাতি মাইশা খাতুন (৫), সদর উপজেলার নারায়ণপুরের ফিটুর ছেলে আসমাউল (৫) ও মেয়ে আয়েশা (৩)।
স্থানীয়রা জানায়, বেলা ২টার দিকে বোগলাউড়ি ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশ রশিয়ার উদ্দেশে রওনা দেয়। এ সময় নৌকাটি লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছলে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করে। এ সময় নিলুফা ও মাইশার মরদেহ উদ্ধার করা হয়। পরে আসমাউল ও আয়েশার মরদেহ নদীতে ভেসে ওঠে।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।










