পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্ষণ, ইভ টিজিং ও বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থী। সে সঙ্গে দুর্নীতি না করার শপথ নিয়েছে তারা। জেলার তেঁতুলিয়ায় বেগম ফখরুন নেছা ফাজিল মাদ্রাসায় গতকাল দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে তিন শতাধিক শিক্ষার্থী এ শপথে অংশ নেয়।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করার শপথ পড়ান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। এ সময় শিক্ষার্থীরা মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে ‘না’ বলে লালকার্ড প্রদর্শন করে। আর দেশপ্রেম ও সত্যবাদিতাকে তারা দেখিয়েছে সবুজ কার্ড।

আয়োজক ও স্থানীয়রা জানায়, এটি একটি সচেতনতামূলক ব্যতিক্রমী উদ্যোগ। এমন কার্যক্রমে শপথ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। কখনো মাদক, ইভটিজিং, ধর্ষণের মতো কাজে জড়াবে না বলে তারা আয়োজকদের কাছে আশাবাদ ব্যক্ত করেছে।

বেগম ফখরুন নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকরের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, মাদ্রাসার উপধাক্ষ্য মনির উদ্দিন, শরীরচর্চা শিক্ষক আব্দুর রশিদ, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, সংগঠক হামিদুল হাসান, আল ফারুক, সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক আদিল মাহমুদ প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল জানান, লাল সবুজ উন্নয়ন সংঘ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এর সদস্যরা সবাই শিক্ষার্থী। তারা তাদের প্রতি মাসের টিফিন থেকে ১০ টাকা বাঁচিয়ে সারা দেশে স্বেচ্ছায় কাজ করছে। কুমিল্লা থেকে স্বেচ্ছায় ভ্রাম্যমাণ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। গত সাড়ে ১১ বছরে এ পর্যন্ত ৩৯ লাখ শিক্ষার্থীকে মাদক, বাল্যবিবাহ, ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক শপথ পাঠ করিয়েছে সংগঠনটি।