ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামে এক দিনমজুরকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৪ নম্বর
ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন খানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
গতকাল দুপুরে আসামি উজ্জ্বল ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার আবেদনটি নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী বনি আমিন বাকলাই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন উজ্জ্বল হোসেন খান।
গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামের শেখ সত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পরদিন সকালে সন্তান হত্যার অভিযোগ এনে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করেন।










