পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনো অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দেব, সংশ্লিষ্টদের উন্নয়ন প্রকল্পে ভালো কাজ করতে হবে। কাজে গাফিলতি করা যাবে না। উন্নয়ন কাজের সময়সীমার দিকে খেয়াল রেখে টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে। তাহলে কাজ দ্রুত বাস্তবায়ন হবে। 

আজ শুক্রবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের বৃহত্তম সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরো বলেন, একটি মহল দেশের সার্বিক উন্নয়নকে পছন্দ করে না। তারা উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের কথা কানে নেয়া যাবে না। তারা বিভ্রান্তি ছড়ায়। তাদের কাজই এসব ছড়ানো। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই।  

রাণীগঞ্জ সেতু প্রসঙ্গে পরকিল্পনামন্ত্রী বলেন, আমরা আশা করছি, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।