বাংলাদেশে প্রথমবারের মতো ট্রেজারি অটোমেশন সফটওয়্যার চালু করা হয়েছে ময়মনসিংহে। জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকের তত্ত্বাবধানে সফটওয়্যারটি উদ্ভাবন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় তিনি জানান, সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে সফটওয়্যারটি তিনি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে জেলার ট্রেজারি কার্যক্রম ও ভেন্ডারদের মনিটরিং করা এবং জনগণের ট্রেজারি কার্যক্রম সহজতর হবে। সফটওয়্যারটির মাধ্যমে স্ট্যাম্প নকল কিনা নাগরিকরা তা পরীক্ষা করে দেখতে পারবেন। নকল দলিল ও প্রতারণা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন।
জেলা প্রশাসক আরো জানান, এ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে স্ট্যাম্পের সত্যতা, ভেন্ডরদের তথ্য ও তাদের সাথে যোগাযোগ সহজতর হবে। মোবাইল অ্যাপ ব্যবহার করে যেকোনো গ্রাহক খুব সহজেই এবং দ্রুত দেশের যেকোনো স্থান থেকে সত্যতা যাচাই করতে পারবেন। ফলে গ্রাহকরা স্বচ্ছতার সহিত হয়রানিমুক্ত পরিবেশে সকল প্রকার সেবা পেতে সুবিধা পাবেন। এতে প্রত্যেক ভেন্ডরের জন্য আলাদা আলাদা প্রোফাইল থাকবে- যেখানে তাদের ব্যক্তিগত তথ্য, লাইসেন্স সংক্রান্ত তথ্য ও অন্যান্য তথ্যাদি সন্নিবেশিত থাকবে। প্রয়োজনবোধে বিভিন্ন তথ্য হালনাগাদ করা যাবে।
মোহাম্মদ এনামুল হক বলেন, যেকোনো মানুষ মোবাইল বা কম্পিউটারে অনলাইনে স্ট্যাম্পের সব তথ্য দেখতে ও ভেরিফিকেশন করতে পারবেন। অটো রোল শিট জেনারেটের মাধ্যমে যাবতীয় পরিসংখ্যান ও কার্যক্রম প্রস্তুতসহ বিভিন্ন কার্যক্রম সহজেই করা যাবে। এতে একদিকে স্ট্যাম্প জালিয়াতি রোধ করা সহজ হবে এবং অপরদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বহুগুণে। ফলে প্রতারণা থেকে মুক্তি পাবে জনগণ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকসহ সব শাখার কর্মকর্তাগণ।
ডিজিটালাইজেশনের এ কাজ বাস্তবে পরিণত করেছেন ময়মনসিংহ ট্রেজারি কর্মকর্তা মো. মাইনুদ্দীন এবং টেকনোলজিকাল সাপোর্ট দিয়েছেন আনন্দ মাল্টিমিডিয়ার ইঞ্জিনিয়ার জিনিয়া।
ময়মনসিংহে ট্রেজারি অটোমেশন সফটওয়্যার চালু
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রেজারি অটোমেশন সফটওয়্যার চালু করা হয়েছে ময়মনসিংহে। জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকের তত্ত্বাবধানে সফটওয়্যারটি উদ্ভাবন করা হয়েছে।










